বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক গঠন করেছে শাখা ছাত্রদল।
শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে পরীক্ষার্থীদের যেকোনো সহায়তায় কাজ করে যাচ্ছে হেল্প ডেস্কটি। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবক।
সরেজমিনে দেখা যায়, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়। এছাড়াও নেতাকর্মীরা ফুল, পানি, কলম, খাবার, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করছেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করছেন তারা। এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগের কারণে ছাত্রদল প্রশংসা কুড়াচ্ছে।
এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে ভর্তিচ্ছু শিক্ষার্থী সারা ইবনাত তুলি বলেন, সকাল থেকে প্রচণ্ড গরম থাকায় খুব ক্লান্তি লাগছিল, গাড়ি থেকে নামার পর আসার সাথে সাথেই খাবার স্যালাইন দিয়েছে। ডেস্কের ভেতরে বসে রেস্ট নিয়েছি। পানির বোতল নিয়ে আসেনি, এখান থেকে সেটা সংগ্রহ করেছি। ভাইয়েরা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদের সাহায্য করছেন। অচেনা একটা জায়গায় এ ধরনের তথ্য ভর্তি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারী।

পরীক্ষায় অংশ নিতে আসা আরেক শিক্ষার্থী তুষার আব্দুল্লাহ বলেন, ‘আমি প্রথমবার পরীক্ষা দিতে এসে হেল্প ডেস্ক থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তারা আমাদের পরীক্ষা কেন্দ্রের তথ্য দিয়েছে, পানি ও কলম দিয়েছে। বাইরে অভিভাবকদের বসার ব্যবস্থাও করেছে। এমন উদ্যোগ সত্যিই অনেক ভালো।’
নাটোরের লালপুর থেকে আসা অভিভাবক সোহেল মিয়া বলেন, আমরা তো এখানকার কিছু চিনি না। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের সাহায্য করছেন। আমাদের বসার জায়গা করে দিয়েছেন। কিছু প্রয়োজন হলে তাদের বলার সঙ্গে সঙ্গেই সেটা পাচ্ছি। প্রচণ্ড গরম থাকায় খাবার স্যালাইনসহ অন্যান্য সুপীয় পানির ব্যবস্থায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলেই ভালো একটা ব্যাপার।
ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা নতুন পরিবেশে এসে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে । শিক্ষার্থীদের কল্যাণের জন্যই আমরা কাজ করে যাই। একজন ভর্তি পরীক্ষার্থী শুধু একজন পরীক্ষার্থীই নয়, সে ভবিষ্যতের একজন নাগরিক, দেশের সম্ভাবনাময় সম্পদ। তাদের স্বপ্নপূরণের পথে সামান্য সহায়তা করতে পারাও আমাদের জন্য গর্বের বিষয়। হেল্প ডেস্কের মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা দায়িত্বশীলতা, মানবিকতা ও সেবার মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা আশা করি, এই উদ্যোগ পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আত্মবিশ্বাস তৈরি করবে এবং তাদের পরীক্ষার পরিবেশকে আরও সহজ ও সুন্দর করে তুলবে। আজকের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজকের ভর্তি কার্যক্রমকে সহজতর করার জন্য আমরা এখানে অভিভাবক কর্নার করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অভিভাবকেরা এসেছে তাদের ক্লান্তি দূর করার জন্য, বিশ্রাম নেওয়ার ব্যবস্থাসহ সব প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করার লক্ষ্যে ছাত্রদলের প্রত্যেকটা কর্মী নিরলসভাবে কাজ করছে। এছাড়াও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের মাঝে আমরা শাখা ছাত্রদলের পক্ষ থেকে সুপেয় পানি, খাবার স্যালাইন, ফুলেল শুভেচ্ছা, কলম বিতরণ ও প্রাথমিক মেডিসিনসমূহ বিতরণ করেছি৷ আমরা সবার প্রতি আহ্বান জানাই— নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, কারণ আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আজকের কার্যক্রম শেষ হবে এটাই আমাদের প্রত্যাশা।
প্রতিনিধি/এসএস