বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম
সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আয়োজনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স-২০২৬ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।
আগামী ১২ থেকে ১৪ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এসিএমএস-২০২৬ কনফারেন্সে অংশ নেবেন রসায়ন বিভাগের স্নাতকোত্তরের পাঁচ শিক্ষার্থী।
তারা হলেন- অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। কনফারেন্সে শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করবেন।
আরও পড়ুন: গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
উক্ত পাঁচ শিক্ষার্থীকে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘খবরটি খুবই আনন্দের যে তারা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে ভারতে যাচ্ছে। রসায়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ তাদের জন্য যেমন বড় অর্জন, তেমনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়।’
গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যিই প্রশংসনীয়। শিক্ষক-শিক্ষার্থীদের এ ধরনের গবেষণামূলক আয়োজনে অংশগ্রহণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামকে আরও গৌরবোজ্জ্বল করবে।’
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, আমাদের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের পাঁচজন শিক্ষার্থী ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে এবং সেখানে তারা তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবে। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা এভাবে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে রসায়ন বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা করি। শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ড. জগদীশ চন্দ্র সরকার ও ইলিয়াসকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, ড. জগদীশ চন্দ্র সরকারের ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের শিক্ষার্থীরা তাদের চারটি গবেষণাকর্ম উক্ত কনফারেন্সে উপস্থাপন করবেন। শিক্ষার্থীদের ভ্রমণ ভাতা ও সৌজন্য স্পন্সর প্রদান করেছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।
প্রতিনিধি/এমআই