নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন— আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), রাসেল (৪৫) ও সুজন (৩১)। তারা সবাই এসি মেরামতের কাজ করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, এসিতে আগুনের ঘটনায় দগ্ধ চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। ড্রেসিং শেষ হলে দগ্ধের পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ওমর ফারুক জানান, বিইউপির একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই চারজন দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এমআর/ক.ম