নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩টার পর থেকেই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর ৮ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে ১,৬২০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
এছাড়া বর্তমানে অন্য কোনো মাস্টার্স বা প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ১৫ এপ্রিলের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন প্রোগ্রামে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস শুরু হবে ২৬ এপ্রিল থেকে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রস্পেক্টাস/ইম্পর্ট্যান্ট নোটিশ অংশে পাওয়া যাবে।
এম/এএইচ