images

শিক্ষা

১৮তম নিবন্ধন সুপারিশ বঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এতে অংশগ্রহণকারীরা জানান, প্রায় ১৯ লাখ প্রতিযোগীর মধ্য থেকে কঠোর প্রক্রিয়ায় প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা উত্তীর্ণ হয়ে মাত্র ৩.২৪ শতাংশ প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। কিন্তু শূন্য পদ পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত না করায় প্রায় ৬ হাজার যোগ্য প্রার্থী সুপারিশ থেকে বঞ্চিত হন।

বক্তারা অভিযোগ করেন, নতুন করে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মূল্যায়ন বাদ দিয়ে ভিন্ন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা পূর্বে উত্তীর্ণদের জন্য অনিশ্চয়তা তৈরি করছে। একইসঙ্গে তারা দাবি করেন, নিয়োগ বঞ্চিত রেখেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ প্রশ্নবিদ্ধ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, অব্যবস্থাপনার কারণে অনেক প্রার্থী বয়সসীমা অতিক্রমের ঝুঁকিতে রয়েছেন। এতে তাদের শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে এবং সামাজিক ও পারিবারিকভাবে তারা চাপে পড়ছেন।

তারা উল্লেখ করেন, দেশে এখনো বিপুল সংখ্যক শিক্ষক পদ শূন্য রয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে গেস্ট টিচারের মাধ্যমে পাঠদান চলছে। এ অবস্থায় যোগ্য ও যাচাইকৃত প্রার্থীদের নিয়োগ না দেওয়া শিক্ষা ব্যবস্থার জন্যও ক্ষতিকর বলে মনে করেন তারা।

প্রার্থীরা তাদের দাবিতে বলেন, অবিলম্বে শূন্য পদ উন্মুক্ত করে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ সকল প্রার্থীকে সরাসরি সুপারিশ বা ৭ম/পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে। পাশাপাশি নতুন নীতিমালা কার্যকর করার আগে বিদ্যমান উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে জানানো হয়, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং ইতিবাচক পদক্ষেপের আশায় তারা অপেক্ষা করছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেন আন্দোলনকারীরা।

এম/এআরএম