images

শিক্ষা

অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে অংশীজনদের মতামত নিতে বুধবার (৮ এপ্রিল) বৈঠক ডাকা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির তথ্য অনুযায়ী রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার দুপুর দেড়টা থেকে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হবে।

চিঠিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

৮ এপ্রিল দুপুর দেড়টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকতে পারেন।

এছাড়া সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবরাও উপস্থিত থাকবেন। 

টিএই/এআরএম