নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) গত ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল আলোহা বাংলাদেশ আয়োজিত ‘১৮তম জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা-২০২৬’। দুই দিনব্যাপী এই মেধা লড়াইয়ে সারাদেশের ৬ শতাধিক স্কুলের প্রায় ৩ হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
২০০৮ সাল থেকে নিয়মিত আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিশুদের গাণিতিক সমাধান কত দ্রুত ও নির্ভুলভাবে করা যায় তার দক্ষতা যাচাই। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাত্র ৫ মিনিটে ৭০টি জটিল গাণিতিক সমস্যার সমাধান করে তাদের মেধার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের প্রতিষ্ঠাতা লোহ মুন সাঙ। বিশেষ অতিথি ছিলেন আলোহা ইন্টারন্যাশনালের ডিরেক্টর কিরণ মাতওয়ানি, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং আলোহা কম্বোডিয়ার প্রতিনিধিরা।

স্বাগত বক্তব্যে আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী বলেন, “আমরা আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে কাজ করছি।” আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. সাইদানি খুদে শিক্ষার্থীদের অবিশ্বাস্য গতি ও নির্ভুলতার ভূয়সী প্রশংসা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম এবং পরিচালক মো. শামসুদ্দিন টিপুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি বছর পানামায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করা আলোহা বর্তমানে বিশ্বের ৪২টি দেশে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১০০টিরও বেশি শাখায় প্রায় ২৫ হাজার শিক্ষার্থী যুক্ত রয়েছে।
এজেড