নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) তুরাগ থানার ডিউটিরত কর্মকর্তা এসআই ইখলাস মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, একই বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত মাহমুদ শাওন কয়েকদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন। গত রাত আনুমানিক ৩টার দিকে জানা যায়, তিনি নিজ বাসায় আত্মহত্যা করেছেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এম/এফএ