images

শিক্ষা

বৈশাখী ভাতা বিল জমার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই বিল সাবমিট করতে পারবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা তাদের এমপিও সংক্রান্ত নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে পৃথকভাবে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই ইএফটি পদ্ধতিতে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে অর্থ প্রেরণ করা হবে।

এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। একইভাবে সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে এবং কোনো ভুল তথ্যের কারণে অর্থ প্রেরণে সমস্যা বা অতিরিক্ত অর্থ প্রদান হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৭ মার্চ বৈশাখী ভাতার বিল সাবমিটের কার্যক্রম শুরু হলেও এখনো অনেক প্রতিষ্ঠান বিল জমা দেয়নি। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুধুমাত্র আইবাসের মাধ্যমে যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যেসব তথ্য এখনো ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিটের জন্য অন্তর্ভুক্ত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম/এমআই