নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) ভাইস-চ্যান্সেলর বা ভিসি নিয়োগে সুপারিশ প্রণয়নে ছয় সদস্যের সার্চ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে।
পরিপত্র অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সার্চ কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য ৫ সদস্য যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয় অনুবিভাগ)।
পরিপত্রে বলা হয়, সার্চ কমিটি প্রয়োজনে বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।
সার্চ কমিটির কার্যপরিধিতে যা আছে
(১) ভাইস চ্যান্সেলর নিয়োগের নিমিত্ত যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা।
(২) জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা।
(৩) বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্য হতে একজনকে মনোনয়নের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদন গ্রহণার্থে সরকারের নিকট সুপারিশ প্রেরণ করা।
এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ আছে।
এএইচ