images

শিক্ষা

জবির দুই হল পুনরুদ্ধারে ছাত্রদলের আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩১ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত দুটি হল — আব্দুর রহমান ও নজরুল হল — উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল দশ দিনের আল্টিমেটাম দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধারের অভিযানে নেতাকর্মীরা অংশ নেন।

শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার হয়ে আরামিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে পৌঁছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখলকৃত হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান।

এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলে ব্যানার টানিয়ে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আল্টিমেটাম দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়ালে লিখন করে দখলকৃত হলের ফটকগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল, অবৈধ হল ছাড়তে হবে লিখে দেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামী ১০ দিনের মধ্যে বর্তমানে বসবাসরত পরিবারগুলোকে হলের জায়গা খালি করে দিতে হবে। তারা আমাদের কাছ থেকে সাত দিন সময় চেয়ে অনুরোধ করেছে। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি।

শাখা সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দিতে ছাত্রদল প্রস্তুত। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজেদের দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয়।

নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করে এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পর অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সম্পত্তি দখল করা হয়েছে। এখন আমরা হলগুলো পুনরুদ্ধার করব।

এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, অনিক আরিফসহ জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং জকসু'র ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এআর