images

শিক্ষা

নবনিযুক্ত উপাচার্যের সাথে জকসুসহ সাংবাদিকদের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), বিভিন্ন ছাত্রসংগঠন এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং প্রশাসনিক নানা বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় নবনিযুক্ত উপাচার্য ড. মো. রইছ উদ্দীন বলেন, দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কাছ থেকে পাওয়া সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব বলে আমি আশাবাদী।

শিক্ষার্থীদের সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, সেশনজট নিরসনে ‘ক্রাশ প্রোগ্রাম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন চলতি সপ্তাহেই পাওয়া যেতে পারে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মতাদর্শের সহাবস্থানের কথা তুলে ধরে তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানাই।

এ সময় উপাচার্য সম্পূরক বৃত্তি চালু, আবাসন সমস্যা সমাধান, ক্যান্টিনে খাবারের দাম কমানো এবং দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধানে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক নতুন প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন। নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ক্যাম্পাসে শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জকসু নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্রশক্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও রিপোর্টাররাও অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়ে সম্পূরক বৃত্তির দ্রুত বাস্তবায়ন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এগিয়ে নেওয়া, ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।


প্রতিনিধি/এফএ