images

শিক্ষা / সারাদেশ

বেরোবি ক্যাম্পাসে ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় ঢাবি ছাত্র আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

গত শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ছাত্র এবং অন্যজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি নির্জন এলাকায় ওই যুগলকে ‘অন্তরঙ্গ’ অবস্থায় দেখতে পায় সাধারণ শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, থানায় নেওয়ার পর উভয় শিক্ষার্থীর পরিবার ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করা হয়। ভবিষ্যতে এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হবে না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ছাত্রীকে তার নিজ বিভাগের (এআইএস) বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি ক্যাম্পাসের শৃঙ্খলা ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে বেরোবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহলের পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি/একেবি