২৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বিশেষ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, ফ্রি বাইক সার্ভিস, সুপেয় পানি, কলম ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া অভিভাবকদের বিশ্রামের জন্যও বুথে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।
ভর্তিচ্ছুদের সার্বিক সহায়তার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সজাগ ছিল। শিক্ষার্থীদের সিট খুঁজে দেওয়া থেকে শুরু করে অভিভাবকদের বসার জায়গা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে যারা দূর থেকে এসেছে, তাদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে বাইক সার্ভিসের ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি পরীক্ষা যেন সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমরা কাজ করেছি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এদিনের পরীক্ষায় ১ হাজার ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৯৩ জন এবং অনুপস্থিত ছিলেন ১৭২ জন। উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ২৪ শতাংশ।
আগামী ০৩ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একই দিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই কেন্দ্রে ‘বি’ ইউনিটে ৭ হাজার ৭ জন এবং ‘এ’ ইউনিটে ১০ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী অংশ নিবেন। প্রতিটি ইউনিটের ফলাফল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা সাপেক্ষে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে মোট ১ হাজার ১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রতিনিধি/একেবি