images

শিক্ষা

দাখিল পরীক্ষায় কড়াকড়ি: সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ০২:০২ পিএম

চলতি বছরের দাখিল পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষাকালীন ধারণ করা ভিডিও ফুটেজ নিয়মিতভাবে বোর্ডে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিটি দাখিল পরীক্ষা-২০২৬ এর আওতাধীন দেশের সব কেন্দ্রের সচিবদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। পরীক্ষার সময় ধারণ করা ভিডিও ফুটেজ প্রতি সাত দিন অন্তর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা)-এর নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এম/এএস