images

শিক্ষা

দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ০৯:০২ এএম

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ৪০ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (২৯ মার্চ) থেকে আবার খোলা হবে। আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটি শেষ হয়। কিন্তু পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত চলেছে।

অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতেও ঈদের ছুটি নির্ধারিত সময়ের আগেই কার্যকর হয়।

ছুটি শেষে আগামী রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটির কারণে শিক্ষার ঘাটতি পূরণের জন্য পরবর্তী ১০টি শনিবার ক্লাস চালানো হবে। অর্থাৎ ৪ এপ্রিল শনিবারেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে।

এমআর