নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৫৩ শতাংশ।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থীর আসন বরাদ্দ ছিল, যার মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ২৮৯ জন।
পরীক্ষা শুরুর আগেই সকাল ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রে আসতে শুরু করেন। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছিল অন্যতম পছন্দের স্থান।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র, হেল্প ডেস্ক ও ছাত্রসংগঠনের বুথ পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয় এবং বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।
পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, পরীক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিয়েই অংশ নিয়েছে এবং সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
এম/ক.ম