বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে পিটিয়েছেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ। মারধরের বিষয়ে ভুক্তভোগী কর্মচারী নিজেই এ প্রতিবেদকের কাছে বর্ণনা দিয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নিজাম উদ্দিনকে চেয়ার দিয়ে মারধর ও চড়থাপ্পড়-লাথি মারেন জাফর আহমেদ।
ঘটনার প্রত্যক্ষদর্শী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা বলেন, ভিসি ভবন থেকে শান্ত চত্বরে তাকিয়ে দেখি জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর ভাই ক্যাম্পাসের কর্মচারী নিজাম ভাইকে ইচ্ছামতো চড়, থাপ্পড় এবং চেয়ার দিয়ে মারছেন। তারপর আবার দেখি প্রক্টর অফিসের সামনে হইচই। কাকে ধরে এনে ভিসি ভবনের মধ্যে ঢুকানো হলো এবং অনেকক্ষণ তর্ক বিতর্ক দেখলাম। ছাত্রদলের আহ্বায়ক হিমেল ভাই নিজেদের সমস্যা বলায় আমরা সেটা থেকে দূরে থাকি।
এ ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মো. নিজাম উদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার গণিত বিভাগের সামনে আমাকে চড় থাপ্পড় ও লাথি দিতে থাকে জাফর আহমেদ। শহীদ মিনারে সামনে রাখা প্লাস্টিকের চেয়ার দিয়ে আমাকে মারধর করে। এই সময় হিমেল ভাইও উপস্থিত ছিলেন। মারতে মারতে চেয়ার ভাইঙ্গা ফেলাইলো। ভাস্কর্য চত্বরের সামনে এলে আবার পেটে লাথি মারে। আল্লাহর কাছে বিচার দিছি।
নিজাম উদ্দিন বলেন, আপনারা আমাগো মারেন, আমরা তো আর আপনাগো মারতে পারমো না। আমগো গরীবের দেওয়া বিচার ফয়সালা করবে আল্লাহ। আমি নাকি আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের দোসর। আমাকে বলে, তুই ক্যাম্পাসে ঢুকতে পারবি না। আমার চাকরির বয়সই ৪০ বছর। ওর বয়সই ৪০ বছর হয়নি। আমি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। যে দায়িত্বে আসবে, তাদের অধীনে আমাদের কাজ করতে হয়।
নিজাম বলেন, এক সপ্তাহ আগে জাফর আমাকে ফোন দিয়ে রায়সাহেব বাজারে দেখা করতে বলে। আমি সমিতির অফিসে এসে দেখা করতে বলাতে অকথ্য ভাষায় গালাগালি করে। পরের দিন সমিতির রুমে এসে আমাকে ঘিরে ধরে গালাগাল করতে থাকে৷ আমাকে বলে ক্যাম্পাসে না আসতে। আমার এক মেয়ে কলেজে পড়ে, আরেক ছেলে জগন্নাথে ভর্তি পরীক্ষা দিছে। এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে মার খেতে হলো।
এ বিষয়ে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই ঘটনা ঘটল। জগন্নাথের ইতিহাসে এভাবে কর্মচারীকে মারধর করার ঘটনা আর ঘটেনাই আগে। অফিস খুললে বিষয়টি আমরা উপাচার্যকে জানাবো।
অভিযুক্ত জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।
ক.ম/