images

শিক্ষা

ইউজিসির চেয়ারম্যান পদে ড. মামুন আহমেদের যোগদান

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় কমিশনের সদস্যরা, সচিব এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউজিসি আইন, ১৯৭৩ অনুযায়ী গত ১৬ মার্চ জারি করা প্রজ্ঞাপনে ড. মামুন আহমেদকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

ড. মামুন আহমেদ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) পদে যোগ দেন এবং প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর নতুন দায়িত্ব গ্রহণ করলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ ১৯৮৯ সালে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করে তিনি ধাপে ধাপে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উচ্চশিক্ষা জীবনে তিনি জাপানের নিহন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাইরোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। এছাড়া থমাস ই. স্টারজল ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব নেব্রাস্কা, লিংকনে গবেষণা কার্যক্রমে যুক্ত ছিলেন।

গবেষণা ও শিক্ষায় সমানভাবে সক্রিয় ড. মামুন আহমেদ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র ট্রান্সলেশনাল মলিকুলার ভাইরোলজি ও ভাইরাল ডায়াগনস্টিকস।

কোভিড-১৯ মহামারির সময় দেশে ভাইরাস শনাক্তকরণ ও মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ দুই দশকের ক্লিনিক্যাল ও গবেষণা অভিজ্ঞতায় তিনি নতুন ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন ও প্রয়োগে বিশেষ অবদান রেখে চলেছেন।

প্রশাসনিক দায়িত্বেও সক্রিয় ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসএইচ/এএস