images

শিক্ষা

জ্বালানি সংকট কাটলেও যুদ্ধের প্রভাব দীর্ঘ হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

ইরান যুদ্ধে সৃষ্ট জ্বালানি তেলের সংকট কেটে গেলেও এ যুদ্ধের প্রভাব দীর্ঘদিন থাকবে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ কারণে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

আজ রোববার ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। রাজধানীর বিজয় নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রা শুরু হয়েছে। সবাই সুন্দরভাবে গ্রামে যেতে পারব কি না বা বাড়ি থেকে সময়মতো কর্মস্থলে ফিরতে পারব কি না তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে অনেকের মধ্যে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আজ (রোববার) সকাল থেকে জ্বালানি তেলের ওপর থেকে সব ধরনের বিধি নিষেধ (রেশনিং) তুলে নিয়েছি। মাঠপর্যায়ে এর সুফল হয়ত রাত থেকে পুরোপুরিভাবে পাওয়া যাবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এই সরকার জনগণের সরকার। আমরা কেউ সুপারম্যান না। তবে আপনারা (জনগণ) যদি আমাদের আমাদের পাশে থাকেন, তাহলে সবাই মিলে আমরা সুপারম্যান হতে পারব।

বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি তেলের সংকট সামাল দিতে সরকার সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, পৃথিবীর ৮৫টি দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও বাংলাদেশ সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো চিন্তা করেনি। এক্ষেত্রে আমি সবাইকে বিনয়ের সঙ্গে বলব, জ্বালানি তেলের সংকট দীর্ঘমেয়াদি না হলেও যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব থেকে যাবে। এ কারণে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

শপিং মলে ঝলমলে আলোকসজ্জার সমালোচনা করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি নিয়ে সকালে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলেছি। আশা করি তারা শপিং মলে বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম কাগজী, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন জামিল, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল। অন্যদের মধ্যে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শেখ রিজভী নেওয়াজ, বর্তমান সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ। 

ক.ম/