নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা উপলক্ষে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (১৫ মার্চ) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা হলে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করা হবে। পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশি করে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করানো হবে।
পরীক্ষার্থীদের সতর্ক করতে পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে সবার মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এসএমএসে দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।
এছাড়া পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না; কান খোলা রাখতে হবে। কারও যদি কানে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ পূর্বেই কমিশনের অনুমোদন নিতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, পরীক্ষা হলে কারও কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে কমিশনের নেওয়া সব নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হতে পারে।
এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩–এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী অপরাধ সংঘটন বা সহায়তার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ধারায় শাস্তি দেওয়া হবে।
৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। আর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত।
এম/এএইচ