images

শিক্ষা

পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

কেন্দ্রীয় পানির ট্যাংক বা সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের কাজের জন্য আগামী ১৭ মার্চ থেকে ঢাকা কলেজের ছাত্রাবাস ২০ দিন বন্ধ থাকবে। রোববার (১৫ মার্চ) সাময়িক ছাত্রাবাস বন্ধের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। 

অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কলেজের কেন্দ্রীয় পানির রিজার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটার সংষ্কার প্রয়োজন। সে কারণে ৫ এপ্রিল পর্যন্ত ছাত্রবাসগুলো পানির অভাবে চালু রাখা যাবে না। পানি ছাড়া ছাত্রাবাসে থাকা সম্ভব না। আমরা ৫ এপ্রিল থেকে আবারো কলেজের ছাত্রাবাস খোলার চেষ্টা করবো। তিনি জানান, মেরামতকারীরা প্রায় ১৫ দিনের মতো সময় চেয়েছে। এর মধ্যে কলেজের পানির রিজার্ভারের সংষ্কার চলবে, রিজার্ভার পুরোপুরি খালি করে এই কাজ করতে হবে।

তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সমালোচনা করছেন ছাত্রবাসে অবস্থানরত শিক্ষার্থীরা। মূলত, ঢাকা কলেজ ছাত্রাবসে প্রায় ১৩০০ আবাসিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ঈদের ছুটিতে বর্তমানে ছাত্রাবাসে অবস্থান না করলেও প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে ঈদ উদযাপন করবে। ফলে ছাত্রাবাসে অবস্থান করা এসব শিক্ষার্থীরা তীব্র পানি সংকটে পড়তে পারে বলে ধারণা করছেন শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ।  

ঢাকা কলেজ উত্তর ছাত্রবাসের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রশক্তির সদস্য সচিব সজীব উদ্দীন বলেন, ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্তের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২০ দিনের এই দীর্ঘ মেয়াদী সংস্কারের নামে হাজার হাজার শিক্ষার্থীর জীবনকে অমানবিক স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দেওয়ার হঠকারী সিদ্ধান্ত প্রশাসনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সজীব উদ্দীন বলেন, মৌলিক অধিকার নিয়ে কোনো প্রকার টালবাহানা বা অবহেলা সাধারণ ছাত্ররা মেনে নেবে না। আমাদের দাবি এই দীর্ঘ সময়সীমা কমিয়ে আনতে হবে এবং সংস্কার চলাকালীন বিকল্প পানির নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান, অবিলম্বে কার্যকরী সমাধান দিন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন।

এসএইচ/ক.ম