নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম
টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার (১০ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই নারী ও তাঁদের সঙ্গে থাকা দুই ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ অভিযুক্ত তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
এর আগে ২৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোররাতে টিএসসি এলাকায় একজন ব্যক্তি বাঁশের লাঠি হাতে এক নারীকে লাথি মারার চেষ্টা করছেন। পরে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগী নারীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি পরে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হয়।
তদন্তের প্রাথমিক পর্যায়ে চার শিক্ষার্থীকে শনাক্ত করা হলেও পরবর্তী তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দুই নারী অভিযুক্তদের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ তুলছেন। এক নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেফ না। ৫ আগস্টের পরও আমরা সেফ না। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে নাকি লেখা আছে প্রস্টিটিউট।’
এম/এআর