images

শিক্ষা

ইংলিশ মিডিয়াম স্কুলের রমজান ও ঈদের ছুটি সোমবার থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটিতে যাচ্ছে দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো।

পাশাপাশি একই সময়ে থেকে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রমজানে ঢাকাসহ বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।’

বিবৃতিতে পরীক্ষা ও কোচিং সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়। এতে বলা হয়, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে। একই সঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরনের কোচিং সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানে রমজানের ছুটি শুরু হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি থেকে, যা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

মূলত রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সরকারি ছুটির কারণে এই দীর্ঘ ছুটিতে গিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এএম/এফএ