জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ মার্চ ২০২৬, ১২:৪৩ এএম
অসচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়েছে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট।
গত বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হাসপাতালে এক ইফতার অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন পিএনআরএফআরের চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
আয়োজকরা জানান, প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক ও সেবামূলক সংগঠন। এটি চিকিৎসক ও রোগীদের সমন্বিত একটি প্রতিষ্ঠান।
সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, মানব কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট শুরু থেকে চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক কাজ করার চেষ্টা করছে। বাতরোগীদের চিকিৎসা সহায়তার পাশাপাশি বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন চিকিৎসা সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে।
আগামী দিনে এই ধরনের সামাজিক কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা আছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, বিশ্ববিদ্যালয় স্তরের ২৮জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি সমাজের বিত্তবান মানুষরা এভাবে এগিয়ে এলে আরও বেশি সামাজিক কাজ করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডা. লিয়াকত আলী, মেজর জেনারেল অব. ইফতেখারুল ইসলাম, ইবনে সিনা ট্রাস্টের ডিরেক্টর ও ন্যাশনাল ডক্টরস ফোরাম'র (এনডিএফ) জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, রাজস্ব অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. বদিউজ্জামান, জুপিটার অ্যান্ড এলিয়েন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক সুকুমার বিশ্বাস, সিনিয়র সহকারী সচিব মোশারেফ হোসেন, বাংলা টিভির চিফ নিউজ এডিটর এম এম বাদশাহ, পিএনআরএফআর’র সেক্রেটারি জেনারেল ড. পীযূষ কান্তি বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ডা. নীরা ফেরদৌস, ডেপুটি সেক্রেটারি ডা. বর্ষা ইসলাম, কার্যনির্বাহী সদস্য বোরহান উদ্দিন, সামিউল হক, জোবায়ের আহমেদ, এনামুল করিম প্রমুখ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
বিইউ/এমএইচআর