বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৬ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মো. আব্দুল মান্নানের একটি ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবিরকে প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জোবাই কর।’
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে হুমকি দেন তিনি।
অভিযুক্ত মো. আব্দুল মান্নান জবির পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য।
মান্নানের এই পোস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী ও শিক্ষক সমাজের একাংশ মনে করছেন, এটি শুধু গুম-খুনের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও অস্থিতিশীল করার প্রচেষ্টা।
এ বিষয়ে জবি শাখা ছাত্রশিবির নেতা ও জকসুর সমাজসেবা ও ছাত্রকল্যাণ মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিবির ধরে জবাই করার ঘোষণা দিয়েছেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল মান্নান। ছাত্রলীগ এই স্লোগান দিতে দিতে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ছাত্রশিবির কিন্তু স্বমহিমায় বাংলার মাটিতে টিকে আছে। আপনারা শিবিরকে জবাই করার চেষ্টা করে দেখুন, সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্রজনতাই নেবে।’
এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমি এই বিষয়টি সম্পর্কে অবগত নই, তবে যদি কেউ এরকম উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকে তবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’
প্রতিনিধি/এমআই