images

শিক্ষা

ছাত্রদলের হিমেল-আরেফিনের নেতৃত্বে জবি সাংবাদিকদের ওপর হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন ও আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে সাংবাদিক সমিতি দখলের চেষ্টা করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় সাংবাদিক সমিতির কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, জবি সুপার ফাইভের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এ ঘটনা ধামাচাপা দিতেই সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে বলে জানান একাধিক সূত্র। হামলার সময় নেতারা অবকাশ ভবনের নিচে দাঁড়িয়ে হামলার নির্দেশনা দেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপুরের দিকে ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। সাংবাদিকরা হলেন—যুগান্তরের সাকেরুল ইসলাম, কালের কণ্ঠের জুনায়েত শেখ, সময়ের আলোর মুশফিকুর রহমান ইমন, বাংলাদেশের খবর পত্রিকার জান্নাতুন নাইমসহ আরও অনেকে।

সাংবাদিকদের অভিযোগ, এ হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।

আরও জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন-২০২৬–এ একক নেতৃত্ব নিতে বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ করে ছাত্রদল। পরবর্তীতে ছাত্রদলের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক সমিতি দখল করতে আসে ছাত্রদল।

pictire
হামলায় সাংবাদিকরা। ছবি: ঢাকা মেইল

এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন বলেন, গত ২ মার্চ সাংবাদিক সমিতির ২০২৬ সেশনের তফসিল ঘোষণা করা হয়। নিয়মতান্ত্রিক উপায়েই আজ মনোনয়ন সংগ্রহের দিন ছিল। কিন্তু গতকাল রাত থেকেই ছাত্রদলের বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছিল। আজ স্বাভাবিকভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা হচ্ছিল। এরই মধ্যে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী এসে সমিতিতে অবস্থানরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। বর্তমানে আমাদের ১০ জন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

উল্লেখ্য, সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২ মার্চ। তফসিল অনুযায়ী আজ মনোনয়ন সংগ্রহ ও প্রত্যাহার এবং আগামী ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রতিনিধি/এআর