images

শিক্ষা

জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

‎সাংবাদিকদের অভিযোগ, এ হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসিল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।

আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এআর