images

শিক্ষা / সারাদেশ

নিজ অফিসে কর্মচারীর ছুরিকাঘাতে ইবি শিক্ষিকা নিহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক বিভাগীয় প্রধানকে নিজ কক্ষে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে এই ঘটনা ঘটে।

নিহত আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যিনি ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সমাজকল্যাণ বিভাগের ইফতার মাহফিল থাকায় অফিস সময় শেষ হওয়ার পরেও শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে ২২৬ নম্বর কক্ষে চিৎকার শুনে আনসার সদস্য ও শিক্ষার্থীরা জড়ো হন। কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

সেখানে শিক্ষক আসমা সাদিয়া রুনাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই শিক্ষকের মৃত্যু হয়েছে। তার গলা, হাত ও পায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত কর্মচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিভাগীয় সূত্র ও সহকর্মীদের মতে, অভিযুক্ত ফজলুর রহমান আগে সমাজকল্যাণ বিভাগেই কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে বেতন বৃদ্ধি নিয়ে শিক্ষক আসমা সাদিয়ার সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়, যার জেরে তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই তিনি এই হামলা চালিয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এই ঘটনাকে ‘অকল্পনীয় ও অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘প্রশাসনের সহযোগিতায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশকে সঙ্গে নিয়ে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেন। ক্যাম্পাসে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/এজে/একেবি