বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০২ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব বাছাই করে একটি পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা প্রণয়ন করে উপদেষ্টা মণ্ডলীর কাছে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আবু আনসার। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল।
কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহসভাপতি সৈকত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন সাদাত, সহ-সাংগঠনিক সম্পাদক মুসফিকুর রহমান রিয়াদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বখতিয়ার হোসেন, দফতর সম্পাদক সোহান হোসেন, সহ-দফতর সম্পাদক শাওন হাওলাদার, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক হাসান মিয়া এবং ছাত্রীবিষয়ক সম্পাদক তাসনিম জাহান।
নবনির্বাচিত সভাপতি আবু আনসার মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দায়িত্ব তার কাছে শুধু একটি পদ নয় বরং বরিশাল জেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার।
তিনি আরও বলেন, সবার ঐক্য, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় সংগঠনকে বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। বরিশালের শিক্ষার্থীদের স্বপ্ন ও দাবিকে সামনে রেখে একটি দায়িত্বশীল ও প্রগতিশীল ছাত্রসমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এএইচ