images

শিক্ষা

তারেক রহমানকে আমরা হাসিনা হয়ে উঠতে দেখতে চাই না: জুমা

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠতে দেখতে চান না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরসিংদীসহ সারাদেশে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘তারা (একটি গোষ্ঠী) ডিফাইন করে দেয় কোনটাকে মব বলা হবে এবং কোনটাকে আন্দোলন বলা হবে। দেখেন অবস্থা, আমরা যে একটা আন্দোলন করতে যাব সেটাকে তারা মব বলে থামিয়ে দিবে। মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার আন্দোলন করার, অধিকার বিচার পাওয়ার অধিকার, সেটাকে তারা মব বলে থামিয়ে দিতে চায়। আপনারা দেখেন, গত তিন-চার দিনে যতগুলো ধর্ষণ হয়েছে, সবক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট দলের, আরো স্পেসিফিকভাবে বললে সরকারি দল বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে?’

তিনি বলেন, ‘এই সংশ্লিষ্টতা পাওয়ার পরে আমরা যেরকম আগে দেখতাম, ব্যক্তির দায় কোনো সংগঠন নেবে না। সেই ধরনের ভূমিকায় তারা আবার অবতীর্ণ হয়েছে। আপনারা দেখেন, এই যে একটা দল তাদের সকল দায় ব্যক্তির উপর দিয়ে নিজস্ব যে দায়, সেটা যে সরিয়ে দিচ্ছে এই যে সে ধর্ষণ করে সেই ক্ষমতা সেই অর্ডারটি সে পেয়েছে তার দল সরকারে আছে বলে; এটাকে তারা অস্বীকার করে। নিজেদের দায় যদি ছেড়ে ফেলতে চায় তাহলে কিন্তু আমরা সেটা মেনে নিব না।’

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘ব্যক্তির দায় অবশ্যই দলকে নিতে হবে। তাকে বহিষ্কার করতে হবে এবং তার ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমাদেরকে দেখাতে হবে। যদি তারা এটা না পারে তাহলে তারা বলুক, জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের যে ন্যায্য অধিকার তাদের যে বিচার পাওয়ার অধিকার সেটা তারা আদায় করে নিবে, সেটাও তারা করতে দিবে না। মব নাকি মনে আন্দোলন যত ধরনের আন্দোলন সংগ্রাম সবগুলোকে তারা মব আখ্যা দিবে। কিন্তু নিজেরা যখন করবে সেটা হয়ে যায় বিক্ষোভ।’

তিনি বলেন, ‘এই যে শব্দের ফ্রেমিংগুলো করে তারা মানুষের যে ন্যায্য অধিকার মানুষের যে বিচার পাওয়ার অধিকার সেটাকে তারা প্রতিহত করছে, তাদেরকে বলতে চাই আপনারা বিগত কয়েকদিন আরো একটা জিনিস দেখতে পেয়েছেন যত ছোট-খাটো ঘটনা সবকিছুর মধ্যে বিচার পাওয়ার জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপের দরকার পড়ে। আমরা এই কালচার দেখতাম বিগত সময়ে পৃথিবীতে যত যাই হয়ে যাক যখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে তখন শুধুমাত্র সেই সমস্যার সমাধান পাওয়া যেত, হাসিনাকে হাসিনা বানিয়েছি। কিন্তু এই কালচার আমরা বাংলাদেশে আরেকটা হাসিনা দেখতে চাই না।’

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘তারেক রহমানকে আমরা হাসিনা হয়ে উঠতে দেখতে চাই না। এই ব্যাপারে তারেক রহমান কী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমরা জানতে চাই। এই ব্যাপারে যতগুলো ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের ব্যাপারে জিরো টলারেন্স এই সরকার ঘোষণা করবে বলে আমরা তাদের উপর আশ্বাস রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই।’

এসএইচ/এমআই