images

শিক্ষা

সাংবাদিককে হুমকির অভিযোগ জবি ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পোস্টে দেওয়া বক্তব্য সংবাদে প্রকাশের জেরে সংশ্লিষ্ট এক সাংবাদিককে ফোন করে হুমকি ও তাচ্ছিল্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খাদিজাতুল কুবরা জানান, কারাবন্দি থাকার সময় রাজনৈতিক দল হিসেবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার ও তার পরিবারের খোঁজখবর নিয়েছিল।

তিনি লেখেন, তার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত নন। কারাবন্দি হওয়ার পর আত্মীয়স্বজন ও পরিচিত অনেকেই যোগাযোগ বন্ধ করে দেন। সেই কঠিন সময়ে বিএনপির নেতারা পাশে দাঁড়িয়েছিলেন।

পোস্টে তিনি দাবি করেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ পর্যায়ের একাধিক নেতা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া তারেক রহমান–ও বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, আর্থিক সহায়তার চেয়ে মানসিক সমর্থন ও পাশে দাঁড়ানোই ছিল বেশি গুরুত্বপূর্ণ। তবে তার সংকটকালে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের তেমনভাবে পাশে পাননি বলেও আক্ষেপ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার পক্ষে অবস্থান নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ওই পোস্টের ভাষ্য সংবাদ আকারে প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ভুক্তভোগী সাংবাদিক বলেন, প্রতিবেদনে ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছাড়া কেউ পাশে ছিল না’-এই বক্তব্যই তুলে ধরা হয়েছিল। কিন্তু এ নিয়ে খাদিজাতুল কুবরা অসন্তোষ প্রকাশ করে তাকে ‘সংযত’ হওয়ার পরামর্শ দেন এবং ‘শুধরে যেতে’ বলেন। কথোপকথনের রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রতিনিধি/এমআই