বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, নতুন সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতি এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। তিনি ছাত্রদলের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে সংগঠিত থাকবে।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মহসিন, ফারুক রানা, মাসুদ রানা, সাখাওয়াতুল ইসলাম পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, মনির হোসেন, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, নাইমুর রহমান, রাহাত হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধি/ক.ম/