নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন ই-রেজিস্ট্রেশন এবং বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী রোববার (৯ ফেব্রুয়ারি)। এ কার্যক্রম চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান শূন্যপদের তথ্য অনলাইনে সংগ্রহের লক্ষ্যে এই ই-রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হবে।
এনটিআরসিএ জানিয়েছে, শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশন পাঠানোর পূর্বশর্ত হিসেবে প্রতিটি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই এনটিআরসিএর অনলাইন প্ল্যাটফর্মে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন না করলে কোনো প্রতিষ্ঠান ই-রিকুইজিশন পাঠাতে পারবে না এবং সে ক্ষেত্রে শিক্ষক নিয়োগ সুপারিশ কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিবেচিত হবে না।
এতে আরও উল্লেখ করা হয়, এনটিআরসিএ আইন ২০০৫ ও সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
নতুন ই-রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান প্রধানকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের (ইউএসইও) মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাচাই-বাছাই শেষে ইউএসইও এনটিআরসিএর ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করবেন। পরে স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
অন্যদিকে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদেরও নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রোফাইল হালনাগাদ করতে হবে। এ ক্ষেত্রে তথ্য অপরিবর্তিত থাকলেও ‘সেভ অ্যান্ড সাবমিট’ অপশন সম্পন্ন না করলে ই-রেজিস্ট্রেশন হালনাগাদ হিসেবে গণ্য হবে না।
ই-রেজিস্ট্রেশনের সময় প্রতিষ্ঠানের এমপিও কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের ধরন, এমপিও স্ট্যাটাস, প্রতিষ্ঠান প্রধানের তথ্য এবং গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের বিস্তারিত তথ্য সঠিকভাবে প্রদান করার নির্দেশনা দিয়েছে এনটিআরসিএ। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে পরবর্তীতে শূন্যপদের চাহিদা নির্ধারণ ও শিক্ষক নিয়োগ সুপারিশে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এ ছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম খোলা থাকাকালীন প্রয়োজনে তথ্য সংশোধনের সুযোগ থাকবে। তবে সময় শেষ হওয়ার পর আর কোনো তথ্য সংশোধন বা হালনাগাদ করা যাবে না।
এনটিআরসিএ জানায়, ই-রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড হারিয়ে গেলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশসহ আবেদন করলে নতুন পাসওয়ার্ড দেওয়া হবে। তবে পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার সম্পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
এমআর/ক.ম