নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে ৪৪তম, ৪৫তম অথবা উভয় বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের উদ্দেশে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রার্থীর তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা ৪৪তম ও ৪৫তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের গুগল ফরম পূরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সময়সীমার মধ্যে তথ্য না দিলে পরবর্তী প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
ক্যাডারভিত্তিক পদসংখ্যার হিসাবে এবারের বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এরপর সবচেয়ে বেশি পদ রয়েছে শিক্ষা ক্যাডারে, যেখানে বিভিন্ন বিষয়ে মোট ৯২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪৯ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
এম/এএইচ