images

শিক্ষা

জামায়াতের ২৫ এমপি প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের আশায় বুক বাঁধছেন দেশবাসী। এই নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনসাধারণের মধ্যে আলদা আগ্রহ রয়েছে। নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থীরা কে কোথায় পড়াশোনা করেছেন সেটা আগ্রহ সহকারে জানতে চাচ্ছেন সাধারণ মানুষ ।

প্রার্থী তালিকা থেকে দেখা গেছে আসন্ন নির্বাচনে ২২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীরা। তাদের বড় একটি অংশ ছাত্রজীবনে পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২৫ জনের ছাত্রজীবন কেটেছে মতিহারের সবুজ চত্বরে। 

তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের ড. মুহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের নুরুল ইসলাম বুলবুল, শেরপুর–১ আসনের  হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ–৫ আসনের জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, পটুয়াখালী–২ আসনের  ড. শফিকুল ইসলাম মাসুদ, সিরাজগঞ্জ–৪ আসনের জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, কুমিল্লা–৫ আসনের ড. মোবারক হোসাইন, লক্ষ্মীপুর–৩ আসনের ড. মুহাম্মদ রেজাউল করিম, পাবনা-২ আসনের অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা–৪ আসনের অধ্যাপক আবু তালেব মন্ডল, বাগেরহাট–৪ আসনের আব্দুল আলিম, যশোর–৪ আসনের
গোলাম রসুল, ঝিনাইদহ–২ আসনের আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ–৩ আসনের অধ্যাপক মতিউর রহমান, বরিশাল–৪ আসনের অধ্যাপক মুহাম্মদ আব্দুল জব্বার, খুলনা–৩ আসনের অধ্যাপক মাহফুজুর রহমান, রংপুর–৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম–১ আসনের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম–৩ আসনের ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, নীলফামারী–৪ আসনের হাফেজ মাওলানা আব্দুল মোনতাকিম, ঠাকুরগাঁও–১ আসনের দেলোয়ার হোসাইন, রাজশাহী–১ আসনের অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী–৩ আসনের আবুল কালাম আজাদ এবং ঢাকা-১৬ আসনের কর্নেল আব্দুল বাতেন।


এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ ইব্রাহিম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের এতজন সাবেক ভাই এবার এমপি পদপ্রার্থী হয়েছেন এটি আমাদের জন্য গর্বের। আমার জানা মতে কখনো অতীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থী এমপি পদপ্রার্থী হয়নি। এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের। আমাদের বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার পাশাপাশি নেতৃত্বও তৈরি করতে পারে এটি তার উদাহরণ। 

তিনি আরও বলেন, আমাদের সাবেক এই ভাইদের সফলতা কামনা করছি। সেই সঙ্গে দীর্ঘদিন পরে একটি ফেয়ার নির্বাচন হতে যাচ্ছে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে নিজের ভোটটি দিতে পারব।

রাকসু ভিপি ও শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, সেক্রেটারি, সেক্রেটারিয়েট সদস্য বা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রায় ২৪ জন এবার এমপি নির্বাচন করছেন‌। তারা নিজ নিজ আসনে খুব ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করলে তাদের মধ্যে অনেকেই সংসদ সদস্য, এমনকি মন্ত্রী ও হতে চলেছেন।

তিনি আরও বলেন, এই রাবিতে ছাত্রশিবিরের ২১ জন শহীদ হওয়া সত্ত্বেও, শত শত আহত পঙ্গুত্ববরণ করা সত্ত্বেও একটা ক্যাম্পাস সংগঠনের নেতৃত্বের আউটপুট তৈরিতে এর থেকে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে।

এফএ