images

শিক্ষা

ঢাবি সাংস্কৃতিক সংসদের আয়োজনে ‘কবিতা সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘কবিতা সন্ধ্যা’। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

অনুষ্ঠানে স্বরচিত, সমকালীন, পঞ্চকবি, প্রেম, ব্যঙ্গাত্মক, দেশাত্মবোধক, প্রকৃতি, অনূদিত, শোক ও বিদ্রোহসহ নানা ধারার কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়।

আয়োজকরা জানান, কবিতা কখনো মানুষের আনন্দের ভাষা, কখনো বেদনার সঙ্গী, আবার কখনো সমাজ ও সময়কে প্রশ্ন করার শক্তিশালী মাধ্যম। এই কবিতা সন্ধ্যার মাধ্যমে শুধু কবিতা পাঠ নয়, বরং মানুষের মানসিক জগতে কবিতার ভূমিকা এবং জীবনের সঙ্গে এর গভীর সম্পৃক্ততা তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খান বলেন, ‘আজকের এই কবিতা সন্ধ্যা শুধু শব্দের নয়, অনুভবের এক মিলনমেলা। সবার আন্তরিক অংশগ্রহণে আয়োজন অর্থবহ হয়ে উঠেছে।’

সভাপতি আতিকুর রহমান ত্বহা বলেন, ‘কবিতা চর্চা মানুষের চিন্তাকে শাণিত করে এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত রাখে। বিভিন্ন ধারার কবিতার মাধ্যমে ভাবনার আদান-প্রদান হয়; তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বিস্তৃত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ চায় এই চর্চা অব্যাহত থাকুক। কবিতা আমাদের জীবনের সঙ্গে সবসময় যুক্ত থাকুক।’

এসএইচ/এফএ