Dhaka Mail Logo

শিক্ষা

চূড়ান্ত অধ্যাদেশ জারি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়াটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ অন্তর্ভুক্ত করে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়াটি আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রণীত এই অধ্যাদেশটি মন্ত্রীপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং সম্পন্ন হওয়ার পর উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এতে আরও জানানো হয়, ইতোমধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে, যা শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষার এই নতুন কাঠামো সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব, ধৈর্যশীল সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়। একইসঙ্গে অসম্পূর্ণ তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এম/এএইচ