images

শিক্ষা

যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ে আগ্রহ ইউজিসি-পাকিস্তান এইচইসি’র

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

যৌথ গবেষণা, বৃত্তি ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন (এইচইসি)। সোমবার (১ ডিসেম্বর) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে পাকিস্তান এইচইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়।

ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বৈঠকে তিনি পাকিস্তানের ‘নলেজ করিডোর’ উদ্যোগসহ শিক্ষা ও গবেষণায় সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি জানান, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিতে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

জেহানজেব খান বলেন, ‘নলেজ করিডোর উদ্যোগ শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে উভয় দেশের জন্য শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বাজারচাহিদা–ভিত্তিক কোর্স ও দক্ষতা উন্নয়ন বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’

বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দল স্নাতক পর্যায়ে (নন–ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও এলাইড হেলথ সায়েন্স) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি ফুল–ফান্ডেড স্কলারশিপ প্রদানের ঘোষণা দেয়। তারা জানায়, পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে। এই উদ্যোগ দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে বলে উল্লেখ করেন তারা।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, ‘মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি নিরলসভাবে কাজ করছে। পাকিস্তান উচ্চশিক্ষা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সেখানে বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় রয়েছে। সহযোগিতা বাড়ানো গেলে গবেষণা, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক উৎকর্ষে নতুন দিগন্ত তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘নলেজ করিডোর উদ্যোগ বাংলাদেশ–পাকিস্তান শিক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ঢাকায় ইউজিসির উদ্যোগে আয়োজিতব্য আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে নলেজ করিডোর নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।’

বৈঠক শেষে দুই পক্ষ উচ্চশিক্ষা খাতে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উভয় পক্ষ একমত হয়।

এএইচ/এফএ