images

শিক্ষা

বায়ুদূষণ মোকাবিলায় ক্যাপস–রাবিপ্রবি সমঝোতা চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

বায়ুদূষণ সম্পর্কিত গবেষণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিন এয়ার ক্লাব গঠন এবং একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৩০ নভেম্বর) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ক্যাপসের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাছির আহম্মেদ পাটোয়ারী, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তানহা বিন মর্তুজা নিলয়সহ রাবিপ্রবির কর্মকর্তারা।

অনুষ্ঠানে অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, নির্মল বায়ু মানবস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক আতিয়ার রহমান বলেন, এই সহযোগিতা শিক্ষার্থীদের নতুন গবেষণার সুযোগ তৈরি করবে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করবে।

সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে বায়ুদূষণ গবেষণা, শিক্ষার্থী সম্পৃক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নেবে। উদ্যোগটি ভবিষ্যতে পরিষ্কার বায়ু নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিএই/এএস