images

শিক্ষা

বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সহকারী শিক্ষকদের, সতর্ক করল অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

তিন দফা দাবিতে বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তবে শিক্ষকদের বর্জনের মধ্যেও সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সঙ্গে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান স্বক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। চিঠিটি সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

এতে আরও বলা হয়, তৃতীয় সাময়িক পরীক্ষা গ্রহণে শিক্ষক বা কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী শিক্ষকরা প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে তিন দফা দাবিতে লাগাতর কর্মবিরতি করছেন।

পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান বলেন, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক আমরা বার্ষিক পরীক্ষা বর্জন করেছি। আজকের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা পরীক্ষা বর্জন করব।

এএসএল/এএস