images

শিক্ষা

ঢাবিতে বিশ্ব গণতন্ত্র সম্মেলন শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

দেশে প্রথমবারের মতো ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫’ (ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস ২০২৫) সম্মেলন শুরু হচ্ছে শনিবার (২৯ নভেম্বর) । দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা যোগ দেবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সভাটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, ইতোমধ্যে ৮০টির বেশি গবেষণা অ্যাবস্ট্রাক জমা পড়েছে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক-গবেষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং অংশগ্রহণ করছেন। 

মাহবুবুর রহমান আরও বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো- বাংলাদেশসহ যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে, সেসব দেশে গণতন্ত্রকে কীভাবে টেকসই করা যায়, তা নিয়ে কাজ করা। গণতন্ত্র সম্পর্কে আমাদের যে ভাবনা ও গবেষণা রয়েছে, তা এই সম্মেলনে উপস্থাপন করা হবে।’

এর আগে বিভিন্ন থিমের ওপর গবেষণা অ্যাবস্ট্রাক আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অ্যাবস্ট্রাক গ্রহণ চলবে। সম্মেলনটিতে অংশগ্রহনকারী, লেখক (ছাত্র), লেখক (পেশাজীবি), লেখক (বিদেশি ছাত্র), লেখকসহ (বিদেশি পেশাজীবি) বিভিন্ন ক্যাটারিতে রেজিস্ট্রেশন করা যাবে। 

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য থেকে শুরু করে খ্যাতিনামা শিক্ষকদের সমন্বয়ে সম্মেলনটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয়েছে।

এএসএল/এএইচ