নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
দেশের এক হাজার ৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার (২৬ নভেম্বর) ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ এ ঘোষণা দেন।
তিনি বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মাসের শুরুতে আমরা ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা করলে সরকার আমাদের ডেকে নিয়ে এক সপ্তাহ অপেক্ষার অনুরোধ জানায়। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাই। পরে আবার ডেকে শিক্ষা উপদেষ্টা এক মাস সময় চাইলেও আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, এখন আর এসব আশ্বাসে বিশ্বাস নেই। তাই আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের উদ্দেশে লং মার্চ অনুষ্ঠিত হবে। এবার আমরা প্রজ্ঞাপন ছাড়া পিছু হটব না।’
এর আগে গত ৩ নভেম্বর ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনরত শিক্ষকরা।
যে পাঁচ দফা দাবি শিক্ষকদের
১. দ্রুত সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা।
২. সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো তৈরি।
৩. বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকায় উন্নীত করা।
৪. মিড-ডে মিল, উচ্চ উপকরণ, খেলাধুলার সরঞ্জাম সরবরাহ এবং থেরাপি সেন্টার কার্যকর করা।
৫. শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা এবং সব চাকরিতে প্রতিবন্ধী কোটা বাস্তবায়ন।
এএইচ/এএইচ