images

শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে চতুর্থ আইটিডি সম্মেলন শুরু ২৭ নভেম্বর 

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে চতুর্থ আন্তর্জাতিক ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক সম্মেলন শুরু হবে আগামী ২৭ নভেম্বর। 

দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০টি গবেষণা পেপার এসেছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

‘টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি: উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়’ প্রতিপাদ্য সামনে রেখে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইন অনুষদ। 

আয়োজকরা জানান, আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশ-বিদেশ থেকে জমা পড়েছে ১৯২টি গবেষণাপত্র। এর মধ্যে ১১৩টি পত্র উপস্থাপনার জন্য বাছাই করা হয়েছে। শুধু আইন বিভাগ থেকেই জমা পড়েছে ৫৮টি গবেষণাপত্র।

চতুর্থ আইটিডি সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ বলেন, আমাদের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ থাকবে, যেখানে শিক্ষার্থীরা তাদের বিজনেস আইডিয়া বা মডেল বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিশদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন। এখান থেকে কোনো আইডিয়া তারা পছন্দ করলে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সহজ হবে। এতে শিক্ষার্থীরা আরও বড় পরিসরে কাজের সুযোগ পাবেন। 

তিনি আরও বলেন, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় থেকে আমরা পেপার পেয়েছি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষকরা সম্মেলনে আসবেন। এতে এই সম্মেলন আন্তর্জাতিক মানের এক জ্ঞানমঞ্চে পরিণত হবে। এছাড়া আমরা যতগুলো পেপার পেয়েছি সবগুলো পড়া হবে না। আমরা একটি বিশেষজ্ঞ প্যানেল দিয়ে পেপারের মান যাচাই করে অর্ধেকের একটু বেশি পেপার পড়ার জন্য সিলেক্ট করেছি। সব মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে এই সম্মেলন ব্যবসা ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে। 

GU2
গ্রিন ইউনিভার্সিটিতে চতুর্থ আইটিডি সম্মেলন আয়োজন নিয়ে ডিআইউতে আয়োজকদের সংবাদ সম্মেলন। ছবি- ঢাকা মেইল

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টি ও বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে। আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলো শুধু টিচিং নির্ভর ছিল। এখন সেই জায়গা থেকে বের হয়ে টিচিং অ্যান্ড রিসার্চ বেজ কাজ করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বছরে গুরুত্বপূর্ণ দুটি কনফারেন্স করে যার মধ্যে অন্যতম হলো আইটিডি। এই ধাচের কনফারেন্স দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই করে না। সেদিন থেকে এটা আমাদের ইউনিক কনফারেন্স। 

তিনি আরও বলেন, এই সম্মেলনে আমরা শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সম্পৃক্ত করে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণা, উদ্ভাবন ও ব্যবহারিক জ্ঞানের সঙ্গে পরিচিত করাতে চাই। কিন্তু বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, বাস্তব জগতের সমন্বিত অভিজ্ঞতা অর্জন অত্যন্ত জরুরি। আইটিডি কনফারেন্স সেই সুযোগ তৈরি করে দেয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান, গ্রিন বিজনেস স্কুলের শিক্ষক ও সম্মেলনের জনসংযোগ ও গণমাধ্যম কমিটির সদস্যসচিব মাশরুর মুশতাক প্রমুখ। 

দুই দিনের সম্মেলনে বিভিন্ন সেশনে গবেষকদের গবেষণাপত্রগুলো উপস্থাপন করা হবে। বাছাইকৃত গবেষণাপত্রে টেকসই অর্থায়ন, ইএসজি রিপোর্টিং, ডিজিটাল রূপান্তর, পরিবেশ আইন, এআই নৈতিকতা, মানবাধিকার, করপোরেট গভর্ন্যান্সসহ বিভিন্ন সমসাময়িক বিষয়গুলোতে মূল বক্তৃতা, গবেষণা উপস্থাপনা এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। 

নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হবে, যা আইটিডি সিরিজের গবেষণা উৎকর্ষ ও শ্রেষ্ঠত্বে স্বীকৃতি দেওয়ার ঐতিহ্য অব্যাহত রাখবে।

২০০৩ সালে প্রতিষ্ঠিত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) বর্তমানে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গবেষণা, উদ্ভাবন ও মানসম্মত উচ্চশিক্ষায় কাজ করে যাচ্ছে। প্রায় ২০০ জন অভিজ্ঞ শিক্ষক এবং সাড়ে ৫ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে।

এএসএল/এএইচ