বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জ মোড়ে পুলিশের সহকারী সার্জেন্ট কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার শিকার শিক্ষার্থীরা ভূমিকম্প আতঙ্কের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে মাগুরাগামী বাসের যাত্রী ছিলেন।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সহকারী সার্জেন্টের বাগবিতণ্ডা হলে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের ওপর হামলা করে।
খোঁজ নিয়ে জানা যায়, এতে দুজন গুরুতর আহতসহ ছয়জন হামলার শিকার হন। তারা হলেন— তালহা জুবায়ের প্রিয়ম, আলামিন হোসেন, সোহাইল, মোহন, মোসাব্বির ও চৈতি।
হামলার শিকার সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তালহা জুবায়ের প্রিয়ম বলেন, ‘আমাদের বাস দয়গঞ্জ মোড়ে ট্র্যাফিক এ ছিল। আমাদের বাসের কিছু বড় ভাই ট্র্যাফিকে দায়িত্বরত কয়েকটা ছেলেকে বলছে যে বাসটা ছেড়ে দিতে। কিন্তু তারা বাস ছেড়ে দেওয়ার পর হঠাৎ আমাদের ভাইদের উপর আক্রমণ করে। পরে আমরা বাস থেকে নেমে তাদেরকে রক্ষা করতে গেলে আমাদের ওপরও আক্রমণ করা হয়। আমি গিয়ে দেখি আলামীন ভাইকে মারতেছে। আমি ঠেকাতে গেলে সেখানে আমাকেও মারা হয়। এমনকি তারা পুলিশের লাঠি নিয়ে আমাদের ওপর আক্রমণ করেছে। আর পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল।
হামলার শিকার একাউন্টটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, আমাকে সহ ৪/৫ জনকে হামলা করে। ব্লাক হুডি পরা লোকটি পুলিশের লাঠি কেড়ে নিয়ে আমাদের মারধর করে। আমাকেসহ সোহান ভাই, সোহাইল, আলামিন, মিনু আপু হামলার শিকার হন। যেখানে পুলিশ ‘নীরব দর্শকের’ ভূমিকা পালন করে।
প্রতিবেদক/ক.ম/