images

শিক্ষা

এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

দেশব্যাপী স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর আতঙ্কে এবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যক্ষ বলেন, ‘দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনো হলে রয়েছে।’

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। 

এএইচ