নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা। এতে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর তারা সেখানে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগে প্রিলিমিনারি পরীক্ষার পর অন্তত ৬ মাস থেকে এক বছর সময় দেওয়া হতো। কিন্তু এবার মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক। আগামী ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হলে তাদের সঙ্গে অন্যায় হবে বলেও জানান।
তাই যৌক্তিক সময় বাড়ানোর দাবি জানিয়ে পিএসসির প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে ব্লকেডসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।
আন্দোলনকারী এক প্রার্থী বলেন,'আমরা সবাই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পুলিশের সঙ্গে সংঘাতে যাওয়ার মানসিকতা আমাদের নেই। কিন্তু পিএসসিকে যৌক্তিক দাবি মানতেই হবে।'
এর আগে মিছিল নিয়ে জাদুঘরের সামনে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সেখানেই বসে পড়েন তারা।
এএসএল/এআর