বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
ভূমিকম্প আতঙ্কের জেরে রোববার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে। তবে জকসু কার্যক্রম চলবে।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম।
তিনি বলেন, রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়াতে শিক্ষার্থীসহ সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে আমরা ক্লাস-পরীক্ষা আগামীকাল (রোববার) বন্ধ রাখছি। এটা শুধু কালকের জন্য। তবে জকসুর নির্বাচনি কার্যক্রম চলমান থাকবে। সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে নোটিশ যাবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিত ভাবেই চলবে।
স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।
এর আগে একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোববারের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানান ডাকসুর জিএস এস এম ফরহাদ।
এএইচ