images

শিক্ষা

ঢাবির উন্নয়ন প্রকল্পে নতুন ৯ আবাসিক হল

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে নতুন আবাসিক হল ও অবকাঠামো নির্মাণ হচ্ছে। ২ হাজার ৮৪১ কোটি টাকার অধিকতর এ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এগিয়ে চলছে। 

প্রকল্পের আওতায় ছেলে ও মেয়েদের জন্য আলাদা মোট ৯টি নতুন আবাসিক হল নির্মাণ করা হবে। এছাড়া বিভিন্ন ভবন, সার্ভিস লাইন, ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠ ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নও করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের তথ্য অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৮৪১ কোটি টাকা। প্রথম অর্থবছরের জন্য এডিপিতে ৬০ কোটি টাকা বরাদ্দের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। 

ইতোমধ্যে ৩১টি ভবনের স্থাপত্য ও কাঠামোগত ডিজাইনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি নভেম্বরের শেষ দিকে জাতীয় দৈনিকে এ সম্পর্কিত বিজ্ঞাপন প্রকাশ করা হবে।

গত ১২ অক্টোবর প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে এবং ২০২৫–২৬ অর্থবছরের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট সরকারি ক্রয় আইন, আর্থিক বিধিমালা ও পরিকল্পনা নির্দেশিকা অনুসরণ করে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে কাজ করছে।

প্রকল্পের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত নির্ধারিত। এতে ছয়টি একাডেমিক ভবন, ছাত্রীদের জন্য চারটি হল (ক্ষমতা ২ হাজার ৬০০ জন) এবং ছাত্রদের জন্য পাঁচটি হল (ক্ষমতা ৫ হাজার ১০০ জন) নির্মিত হবে। 

পাশাপাশি ছাত্র ও ছাত্রী হলগুলোর জন্য হাউস টিউটর আবাসন, শিক্ষক ও অফিসারদের জন্য দুটি আবাসিক ভবন, পাঁচটি প্রশাসনিক ও সহায়ক ভবন, চারটি জলাধার সংস্কার, সার্ভিস লাইন মেরামত, একটি খেলার মাঠ উন্নয়ন এবং দুটি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

এম/এএইচ