নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষক নিয়োগের কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২০ বছরে তারা ১৮টি সাধারণ ও একটি বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছে।
সব মিলিয়ে প্রায় এক লাখ ৭৭ হাজার ৫৭১ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে এই প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এনটিআরসিএ’র কার্যালয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। সেই পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
এনটিআরসিএ জানিয়েছে, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত একটি বিশেষ ও ১৮টি নিয়মিত শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে সংস্থাটি। মোট ১৯টি নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন। তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পেয়েছেন এক লাখ ৭৭ হাজার ৫৭১ জন, শতকরা যা ১ দশমিক ৫১ শতাংশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী— নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া একটি বিশেষসহ ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জন। সে অনুযায়ী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার ৬ দশমিক ২৭ শতাংশ। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নিয়োগ সুপারিশ পাওয়ার হার ২৪ দশমিক ০৮ শতাংশ।
তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে কত শতাংশ প্রার্থী যোগদান করেছেন, সেই তথ্য জানাতে পারেনি এনটিআরসিএ।
১৯ নিবন্ধনে আবেদন কোটির বেশি, শিক্ষক নিয়োগ পৌনে ২ লাখ এনটিআরসিএ’র কার্যালয়ে অংশীজনদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘সর্বশেষ প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩৪ হাজার ৩৪৩ জন যোগদান করেছেন। যোগদান করতে গিয়ে অনেকে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের হয়রানি করা যাবে না। যোগদানের এক মাসের মধ্যে শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল অধিদফতরে পাঠাতে হবে। এ বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি।’
এএসএল/এএইচ